রাশিয়া অধিকৃত ৮ কিলোমিটারের দখল নিল ইউক্রেন

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম

রাশিয়ার অধিকৃত এলাকা উদ্ধার করার ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি ইউক্রেন। অন্যদিকে রাশিয়াও নতুন করে কোনো এলাকা দখল করতে পারেনি। তবে এর মধ্যেই ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, এক ধাক্কায় প্রায় তিন থেকে আট কিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে তারা। তাদের অভিযানে দনিপ্রো নদীর তীরে রুশ সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গত বছরের নভেম্বর মাসে রাশিয়া নদীর পশ্চিম তীর থেকে সেনা প্রত্যাহার করে৷ একাধিক প্রচেষ্টার পর এবার ইউক্রেনীয় সৈন্যরা তাদের হাত থেকে আরো জমি উদ্ধার করল।

এদিকে এই সাফল্য ধরে রাখতে পারলে তারা দক্ষিণ দিকেও অগ্রসর হতে পারে। তবে তার জন্য আরো সৈন্য ও সামরিক সরঞ্জামের প্রয়োজন হবে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। আসন্ন শীতকালে এমন প্রচেষ্টা আদৌ সম্ভব কিনা তা নিয়েও সংশয় রয়েছে। অবশ্য রাশিয়া ইউক্রেনের সামরিক সাফল্যের দাবি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

তবে রাশিয়ার হামলার প্রায় ২০ মাস পর এমন সাফল্যে প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক বাহিনীতে দ্রুত পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন। তবে দেশে-বিদেশে ইউক্রেনের ‘পাল্টা সামরিক অভিযান’ নিয়ে অনেক বিতর্ক চলছে। ইউক্রেনের ধারণা, অধিকৃত ভূমি উদ্ধারের কাজে সাফল্যের অভাবে আন্তর্জাতিক সমর্থন ও সহায়তা কমে যাচ্ছে।

সূত্র: এএফপি, রয়টার্স, ডয়চে ভেলে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত