আন্তর্জাতিক শিশু দিবস সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের নির্মিত গয়নার প্রদর্শনী চলছে রাজধানীর বাবুল্যান্ড- ইনডোর প্লে গ্রাউন্ডের উত্তরা শাখায়। সুপার কিড ইনিশিয়েটিভসের উদ্যোগে প্রদর্শনীটি শুরু হয়েছে ১৬ নভেম্বর, যা চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। ১০ দিনব্যাপী প্রদর্শনীটিতে থাকছে সুবিধাবঞ্চিত শিশুদের নির্মিত বিভিন্ন ধরনের গয়না।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে সুপার কিড ইনিশিয়েটিভস। সম্প্রতি তারা আর্ট ক্রিয়েটস হোপ নামে একটি উদ্যোগ হাতে নেয়। যে সব শিশুরা অল্প বয়সে জীবিকার সন্ধানে ছোটে, তাদের শিশু শ্রমিক থেকে শিশু শিল্পীতে পরিণত করা বা জীবিকার জন্য নান্দনিক পথ খুলে দিতেই এমন প্রকল্পের সূচনা।
পরীক্ষামূলক ভাবে উত্তরার উন্মেষ পাঠশালার আট জন সুবিধাবঞ্চিত শিশুকে দেওয়া হয় এই প্রশিক্ষণ। প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পর শিশুরা বেশ কিছু গয়না তৈরি করে। এই প্রদর্শনীটি মূলত সেই গয়নাগুলো নিয়েই হচ্ছে।
সুপার কিডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানজীল হাসান জানান, আমাদের লক্ষ্য দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্য থেকে জাতীয় পর্যায়ের আর্ট ক্র্যাফটম্যান ও শিল্পী তৈরি করা। প্রদর্শনীতে আসা ব্যক্তিরা এ অভিনব উদ্যোগ এবং পণ্যের প্রশংসা করছেন। কেউ কেউ শিশুদের কাজের প্রশংসার পাশাপাশি গুরুত্বপূর্ণ মতামতও দিচ্ছেন।
তানজীল হাসান বলেন, প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি। সবচেয়ে বেশি পেয়েছি ভালোবাসা। শিশুরা অল্প কিছুদিনের প্রশিক্ষণেই যে আউটপুট দিয়েছে, তা দেখে গ্রাহকরা আমাদের চেয়েও বেশি অভিভূত হয়েছে। তাদের এমন সাড়া আরো ভালো কিছু করার উৎসাহ দেবে।
উল্লেখ্য প্রদর্শনী থেকে গয়না বিক্রির আয়ের ভাগীদার হবে সুবিধাবঞ্চিত শিশু শিল্পীরাই। সুপার কিড নির্বাহী জানান, গয়না দিয়ে শুরু হলেও আগামীতে নতুন নতুন বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে তারা চাইলে সম্ভাব্য শ্রমিকের পেশা বেছে না নিয়ে শিল্পীর জীবন বেছে নিতে পারবে। আর তখনই জ্বলজ্বল করবে আর্ট ক্রিয়েটস হোপের আশার আলো।
