অপরিচিত নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে ফতুল্লায় হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের নিয়ে শান্তি মিছিল পূর্ব বক্তব্যে তিনি নিজেই এই হুমকির কথা জানান।
শামীম ওসমান বলেন, ‘‘আমাকে ফোনে অপরিচিত নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফোন করে বলে ‘তোর মৃত্যুর সময় এসে গেছে’। এসময় তিনি বলেন, ‘‘কাদেরকে ভয় দেখান। আমরা ৭৫-এর পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে ভয় করি না। ২০০১ সালের ১৬ জুন বোমা হামলা করে আমাকে হত্যা করতে গিয়ে ২০ জনকে হত্যা করা হয়েছে। সেদিন মূল টার্গেট ছিলাম আমি। কিন্তু আল্লাহ ইচ্ছায় বেঁচে আছি। সেদিন থেকে মনে করি বোনাস জীবনযাপন করছি। সেদিন গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এ অবস্থায় আমি বাঁচবো কিনা জানতাম না। জ্ঞান ফিরে যে প্রথম যে কথাটি বলেছিলাম তা হলো আপনারা ‘শেখ হাসিনাকে বাঁচান’। তাই আজকেও সেই স্লোগান দেশ বাঁচাতে দরকার শেখ হাসিনার সরকার।’’
তিনি আরো বলেন, সেদিনের কথাটার তাৎপর্য এটাই ছিল যে বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনাকে দরকার। ওরা আমাদের মানচিত্রে থাবা দিয়েছে। তবে শেখ হাসিনা হিমালয়ের মত শক্ত। কোনোভাবেই তিনি মাথা নত করবেন না। সামনে অনেক আঘাত আসবে। আপনারা প্রস্তুত থাকবেন।
