সম্প্রতি চলমান হরতাল ও অবরোধে বাসে আগুন ও নাশকতার ঘটনায় গ্রেপ্তার অনেকে বলেছেন, যে কাজ শেষ হলে তারা ‘লন্ডন ও ঢাকার ঊর্ধ্বতন নেতাদের’ ভিডিও বা ছবি বা বার্তা পাঠাতেন। গত ৪ নভেম্বর নিউমার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে গিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নিউমার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের গ্রন্থাগার সম্পাদক তানভীর আহমেদ (২৭), ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন (৫১) এবং বিএনপির সক্রিয় সদস্য মো. ফারুক হোসেনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
লন্ডন থেকে কোনো নির্দেশনা আসছে কি না প্রশ্ন করলে ডিবি প্রধান বলেন, ‘আমরা অনেককে গ্রেপ্তার করেছি। তারা বলেছে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে গেছে আগুন লাগানো। কাজ শেষ হলে সিনিয়র নেতাদের ভিডিও পাঠিয়ে দেওয়া হয়, যে আমরা এ কাজটা করেছি।’ এদিকে, রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন আল মোহাম্মদ চাঁন (২৭), মো. সাগর (২৫), মো. আল আমিন ওরফে রবেল (২৯) ও মো. খোরশেদ আলম (৩৪)। এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেন, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আগুন দেওয়ার ছবি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কাছে পাঠানো হতো।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানির দিন আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বলছে, বিচারকদের ভয় দেখাতে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
