আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনপরবর্তী পরিস্থিতি মূল্যায়নে পাঁচ সদস্যের কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাতে চায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই)।
গত সোমবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে আইআরআই এবং এনডিআই থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, এনডিআই এবং আইআরআই নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে সহিংসতার পরিস্থিতি মূল্যায়ন বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যের কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাতে চায়। এ কারিগরি বিশেষজ্ঞ দলে থাকবেন চারজন বিশ্লেষক এবং একজন সমন্বয়কারী। যারা বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবেন। এ ছাড়াও আইআরআই এবং এনডিআই-এর সাপোর্ট স্টাফরা নির্বাচনের দিনকে কেন্দ্র করে বিশ্লেষকদের সঙ্গে দুই সপ্তাহ থাকবেন।
চিঠিতে উল্লেখ করা হয়, কারিগরি মূল্যায়নে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে আন্তদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা এবং অনলাইন হয়রানি ও হুমকি। এ বিষয়গুলোর সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকাও অন্তর্ভুক্ত থাকবে।
