ভারতে পাচারের সময় বেনাপোলের পটুখালি সীমান্ত থেকে ১৮ পিস স্বর্ণের বারসহ আক্তারুল ইসলাম (২০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককরের ছেলে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় পুটখালি সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আকতারুল ইসলামকে আটক করে। আটক স্বর্ণের মূল্য ১ কোটি ৮৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।
পাচারকারী আকতারুলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
