আফগানিস্তানে গত দুই বছরে প্রায় ৩০টি মিডিয়া পুনরায় কার্যক্রম চালু করেছে। তালিবান ক্ষমতায় আসার পর সম্প্রতি দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, তালিবান সরকার সারা দেশে মিডিয়াগুলো যে সংকটে পড়েছে তা সমাধানের চেষ্টা করছে।
টোলো নিউজকে তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী হায়াতুল্লাহ মাহাজার ফারাহি বলেছেন, তালিবান ক্ষমতায় আসার পর ২৫ থেকে ৩০টি মিডিয়া তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। এসব মিডিয়ার বেশিরভাগই রেডিও স্টেশন যা দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে।
যদিও গণমাধ্যম সহায়ক সংগঠনগুলো বলছে, আফগানিস্তানে একই সময়ের মধ্যে প্রায় ৩০০টি মিডিয়া তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বন্ধ হয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে।
মোহাম্মদ দাউদ নামে একজন সাংবাদিক বলেন, ইসলামিক আমিরাতের উচিত কর কমানো। লাইসেন্স সহজ করা। সাংবাদিকরা ভয়াবহ অর্থনৈতিক অবস্থার সঙ্গে লড়াই করছেন। তালিবান সরকার এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মিডিয়াকে সমর্থন করা প্রয়োজন। না হলে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম গুটিয়ে নিতে পারে।
আফগানিস্তান জার্নালিস্ট ইউনিয়নের মতে, বর্তমানে ৮০টি টিভি চ্যানেল, ২০০টি রেডিও স্টেশন, ১০টি সংবাদ সংস্থা এবং ১৪টি প্রিন্ট মিডিয়া দেশটিতে সক্রিয় রয়েছে।
