নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, প্রশ্নবিদ্ধ করা যাবে না : ইসি আনিছুর

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

কুমিল্লায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। এটাকে কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতে চায় তাহলে সুযোগ আছে। এরই মধ্যে ৪৪টি নিবন্ধিত দল নিয়ে আমরা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সে রকম নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনে যদি অন্য আর কোনো দল নাও আসে সংবিধান মেনে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার তিন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভাটি কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে।

বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর চলমান কর্মসূচিতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা- ‘এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’ ইসি আনিছুর রহমান আরও বলেন, কে নির্বাচনে আসবে, কে আসবে না? এটা কিন্তু আমাদের দ্বায়িত্ব না। সাংবিধানিকভাবে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে, আমরা সেভাবে তফসিল দিয়েছি। নির্বাচনে আসা না আসা সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।

তিনি বলেন, আমাদের সঙ্গে ৪৪টি দল নিবন্ধিত। আমরা সবাইকে বিভিন্ন সময় আহ্বান করেছি, আমন্ত্রণ জানিয়েছি। সর্বশেষ ৪ নভেম্বর আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কেউ এসেছে কেউ আসে নাই। কে আসল, কে আসল না; আমাদের কিছুই করণীয় নেই। নির্বাচনে না আসার সিদ্ধান্তে কেউ যদি অটল থাকে বা তারা না আসে, সে ক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। নির্বাচন ২০২৪ সালের ২৮ জানুয়ারির মধ্যে না হলে, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। যেটা কারোই কাম্য না। 

ইসি আনিছুর বলেন, এখন পর্যন্ত আমরা অনেকগুলো নির্বাচন করেছি। জাতীয় সংসদের উপনির্বাচন করেছি, স্থানীয় সরকার নির্বাচন করেছি। সবগুলোতেই আমরা চেষ্টা করেছি, সর্বোচ্চ নিরপেক্ষতা ও সুষ্ঠতার সাথে সম্পন্ন করার জন্য। অনেক ক্ষেত্রেই দেখেছি বিভিন্ন মিডিয়াতে কমিশন প্রশংসিত হয়েছে, আবার কোনো কোনো জায়গায় সমালোচিতও হয়েছি আমরা। এখন পর্যন্ত আমাদের ইচ্ছা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচন করা। সেটা থেকে আমরা পিছপা হব না। যা যা করণীয় সেটাই আমরা আজকে এখানে মতবিনিময় সভায় আলোচনা করেছি।

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকেই ঢাকার বাইরে এখন। বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমরা একটাই ম্যাসেজ দিচ্ছি, কোনোমতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।’ তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতির কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করিনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচন করা ছাড়া কোনো গত্যন্তর নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত