ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের অভিযানে সরকারি খাসজমিতে নির্মিত অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। গত মঙ্গলবার সকাল থেকে উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর বাজারে এই অভিযান চালানো হয়।
জানা যায়, স্থানীয় প্রভাবশালীরা দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ দখল করে আসছিল। ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ওই সম্পত্তি নিজেদের দাবি করে কলেজ থেকে প্রতিটি দোকান মালিককে নোটিস দিলেও দোকানিরা সরেননি।
তবে, দোকান মালিক গিয়াস উদ্দিন ও আতিকুর রহমান বলেন, ‘আমাদের আগে কোনো নোটিস না দিয়েই দোকান ভেঙে দেওয়া হয়।’
ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘কিছু লোক প্রতিষ্ঠানের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভোগ দখলে ছিল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘যেখানেই সরকারি সম্পত্তি বেদখল আছে, সেখানেই অভিযান চালানো হবে। অভিযান অব্যাহত থাকবে।’
