এমপি নির্বাচনের মনোনয়ন তুললেন মোটরসাইকেল মেকানিক বাবুল

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে শ্রমিক লীগ নেতা মোটর মেকানিক বাবুল আহেম্মেদ স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এরইমধ্যে মনোনয়ন ফরম কিনেছেন তিনি। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, উপজেলার ত্রিশাল রামপুর ইউনিয়নের কাকচর দরিল্লাহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামপুর ইউনিয়ন তাতী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আহেম্মেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের কাছ থেকে স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বাবুল উপজেলা শ্রমিক ইউনিয়ন হোন্ডা মেকানিক্যালের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। তার এমপি পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে এলাকার মোড়ে মোড়ে ও চায়ের দোকানে আলোচনার ঝড় উঠেছে।

ত্রিশালের বাসিন্দা নীরব বলেন, খেটে খাওয়া মোটর মেকানিক বাবুল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন, তাই তাকে আমরা এমপি হিসেবে নির্বাচিত করব।

এ বিষয়ে বাবুল বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ৩০ বছর যাবৎ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণের সুখ-দুঃখে পাশে থেকেছি। জনগণ আমাকে কথা দিয়েছে যে, তারা আমাকে ভোট দিয়ে স্বতন্ত্র এমপি নির্বাচিত করবে। তাদের  সমর্থনে আজ আমি স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছি।

বাবুল আহেম্মেদ বলেন, ‘এমপি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে সকল সমস্যা সমাধান করব। মুক্তিযোদ্বাদের সকল সুবিধা, শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নে স্কুল-কলেজ-মাদরাসার উন্নয়নসহ রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখব ইনশাআল্লাহ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত