আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. এসকেন আলী (৪১) নামে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি এক নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত। লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে তিনি।
সংসদ সদস্য পদে এসকেন আলীর মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা সুলতানা। এসকেন আলী মনোনয়নপত্র দাখিল করলে বিষয়টি রিটার্নিং কর্মকর্তা বিবেচনা করবেন বলেও জানান তিনি।
মো. এসকেন আলী বলেন, ‘২০ বছর আগ থেকে আমার স্বপ্ন আমি এমপি ভোট করবে। কিন্তু টাকার জন্য সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। আমার নিজের এক কাটা জমি ছিল। সেই জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছি। আমি বিশ্বাস করি, আমি নির্বাচনে জিতব। দল-মত নির্বিশেষ সবাই আমাকে ভোট দেবে বলে আমি আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘আমি আগেও দুবার মেম্বার পদে ভোটে দাঁড়িয়েছিলাম। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টারও ছাপিয়েছিলাম। কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারিনি। তাই স্বপ্ন পূরণ করতে আড়াই লাখ টাকায় জমি বিক্রি করেছি। নির্বাচনে জিতলে গরীব-অসহায় মানুষের জন্য কাজ করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
