‘জানি দুশমন’ খ্যাত বলিউডের প্রবীণ পরিচালক রাজকুমার কোহলি মারা গেছেন। ৯৩ বছর বয়সে মুম্বাইয়ের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। রাজকুমার কোহলির ছেলে আরমান কোহলি চেনা মুখ। তিনিই প্রথম বাথরুমে বাবার নিথর দেহ দেখতে পান।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকালে গোসল করতে বাথরুমে ঢোকেন পরিচালক। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাথরুম থেকে বেরোননি। এতে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে ছেলে আরমান বাথরুমের দরজা ভেঙে ঢুকতেই দেখেন, বাবার নিথর দেহ পড়ে রয়েছে মেঝেতে।
চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, গোসলের সময় বাথরুমেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
১৯৩০ সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন রাজকুমার কোহলি। ১৯৬৩ সালে ‘ডুল্লা ভাট্টি’ প্রথম সিনেমায় বলি অভিষেক হয় তার। প্রেম চোপড়াকে নিয়ে ‘সাপনি’ ছবিতে নির্মাতা রূপে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই নজর কাড়েন। পরবর্তীতে বিভিন্ন ঘরানার সিনেমা করেছেন।
১৯৬৭ সালে তার পরিচালিত ‘নাগিন’ সিনেমাটি সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও ‘জানি দুশমন’, ‘বদলে কি আগ’, ‘নওকার বিবি কা’, ‘পতি পত্নি অউর তাওয়াইফ’-এর মতো বেশ কিছু সিনেমা বানিয়েছেন তিনি।
ছেলে আরমানকেও অভিনয়ে এনেছিলেন পরিচালক বাবা। যদিও আরমান একেবারেই সাফল্য পাননি। উল্টো বার বার বিতর্কে জড়িয়ে প্রচারের আলোয় এসেছেন।
