বিশ্বের কঠিনতম ও বিপজ্জনক পর্বত শৃঙ্গগুলোর অন্যতম আমা দাবলামের চূড়ায় আরোহণ করে লাল সবুজের পতাকা উড়িয়েছেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার ও আরেক পর্বতারোহী কাওসার রূপক। পর্বত শৃঙ্গটির উচ্চতা ৬ হাজার ৮১২ মিটার। গত ২২ নভেম্বর সকালে তারা আমা দাবলামের চূড়ায় দেশের পতাকা উড়ান।
গতকাল শুক্রবার পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রীর সহ-প্রতিষ্ঠাতা মির্জা জাকারিয়া বেগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিমালয়ের ৭ বা ৮ হাজার মিটার উঁচু পর্বতশৃঙ্গগুলোর চেয়েও এই শৃঙ্গে আরোহণ বেশি কঠিন বলে মনে করেন পর্বতারোহীরা। আমা দাবলাম শব্দটির অর্থ মায়ের গলার সুন্দর হার। খাড়া পাথুরে দেয়াল, গভীর ফাটলে (ক্রেভাস) ভরা বরফের ঢাল, প্রতিকূল আবহাওয়া সব মিলিয়ে আমা দাবলাম যেন আক্ষরিক অর্থেই ‘ভয়ংকর সুন্দর’ এক পর্বতশৃঙ্গ।
নিশাত মজুমদার, কাওসার রূপক এবং তহুরা সুলতানা রেখা গত ৩০ অক্টোবর আমা দাবলামের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। ট্রেক উইথ নিশাত’ এবং ‘ক্লাইম্ব উইথ নিশাত’ কর্মসূচির আওতায় এ বছর আমা দাবলাম পর্বত অভিযানে যান তারা। নবীন অভিযাত্রী এবং ‘ট্রেক উইথ নিশাত’-এর এবারের আয়োজনে নির্বাচিত তহুরা সুলতানা রেখা আমা দাবলাম পর্বতের বেস ক্যাম্প পর্যন্ত অভিযান করেন। আর নিশাত মজুমদার ও কাওসার রূপক পর্বতের চূড়া অভিমুখে যাত্রা করেন।
উল্লেখ্য ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলি আমা দাবলাম আরোহণ করেন।
