ইসরায়েলি কারাগার ছাড়লেন ৩৯ ফিলিস্তিনি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:০৮ এএম

কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি মিলল ৩৯ জন ফিলিস্তিনির। শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তাদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথমদিন হামাস ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পান ৩৯ জন ফিলিস্তিনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, ইসরায়েল ৩৩ জন ফিলিস্তিনি বন্দিকে পশ্চিম তীরে রেড ক্রসের একটি দলের কাছে হস্তান্তর করে। বাকি ছয়জনকে জেরুজালেমে।

চুক্তি অনুযায়ী, এই চারদিনে ১৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। বিনিময়ে ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। তবে শুক্রবার হামাস ও ইসরায়েল যাদের মুক্তি দিয়েছে তাদের সবাই নারী ও শিশু। অপরদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি ১২ জন থাই নাগরিককেও ছেড়ে দিয়েছে  হামাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত