আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স ছেড়ে দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। ফিরে আসছেন পুরনো ঠিকানায়। মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিতে যাচ্ছেন ভারতের এই তারকা পেস বোলিং অলরাউন্ডার।
২০১৫ সালে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটির হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু করেন হার্দিক। ২০২২ আসরের আগে তাকে নিলাম থেকে দলে টানে গুজরাট। এরপর তার কাঁধে দেওয়া হয় নেতৃত্বভার।
আইপিএলে অধিনায়কত্বে নিজের প্রথম আসরেই সফল হার্দিক। তার নেতৃত্বে প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়েই শিরোপা ঘরে তোলে গুজরাট। হার্দিকের নেতৃত্বে গত আসরেও ফাইনাল খেলেছিল দলটি। কিন্তু শিরোপার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের সঙ্গে পেরে ওঠেনি তারা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে মুম্বাইয়ে ফিরে যাচ্ছেন হার্দিক। তাকে কিনে নিতে ১৫ কোটি রুপি চুক্তি করছে মুম্বাই। এছাড়া ট্রান্সফার ফির ৫০ শতাংশ পাবেন হার্দিক নিজে।
চুক্তিটা সম্পন্ন হয়ে গেলে তা হবে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় দল বদলের ঘটনা। এই ব্যাপারে কোনো ফ্যাঞ্চাইজি অবশ্য কিছু জানায়নি। মুম্বাইয়ের জন্য চ্যালেঞ্জ হচ্ছে খেলোয়াড় কেনার জন্য তাদের হাতে আছে আর ৫০ লাখ রুপি। এছাড়াও আগামী নিলামের সঙ্গে মিলিয়ে আরও ৫ কোটি যুক্ত করতে পারে তারা। এর মানে হচ্ছে হার্দিককে পেতে খেলোয়াড় ছেড়ে দিতে হবে মুম্বাইকে। ২৬ নভেম্বরের মধ্যে করতে হবে এই কাজ।
গুজরাটে দুই মৌসুমে দারুণ সফল হার্দিক। নেতৃত্বের পাশাপাশি ব্যাটে-বলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। বিশেষ করে, বিধ্বংসী যে হার্দিককে চিনত ক্রিকেট বিশ্বে, গুজরাটে গিয়ে নিজের ব্যাটিং একেবারেই বদলে ফেলেছেন তিনি। এখন আর প্রথম বল থেকে নয়, ম্যাচের পরিস্থিতি বুঝে নিজের ইনিংস গড়েন এই ক্রিকেট। সবশেষ দুই আসরে গুজরাটের হয়ে ৩০ ইনিংসে ৪১.৬৫ গড় ও ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে রান করেছেন ৮৩৩। ওভারপ্রতি আটের একটু বেশি রান দিয়ে নিয়েছেন ১১ উইকেট।
