কুমিল্লায় মনোনয়ন ফরম কিনে ফেরার পথে হামলা ‘সাজানো’

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম

কুমিল্লা-৯ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার মজুমদারের ওপর হামলার ঘটনা সাজানো বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিকেলে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন কুমিল্লা নগরীর মিফজাবাদ কলনীর আলী হোসেনের ছেলে মো. সুমন (৩৪), মো. হোসেনের ছেলে মো. সবির (৩৭), মৃত মো. খলিলের ছেলে মো. সবুজ (২৮), মৃত আব্দুল হাকিমের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও মৃত দেলোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫)।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, শুক্রবার সন্ধ্যায় ভাইরাল ভিডিও নজরে আসলে অনুসন্ধানে নামে পুলিশ। এ ঘটনায় রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, পরবর্তীতে আটকরা জানান, তাদেরকে ভাড়া করা হয়েছিল মনোনয়নপত্র ছিনতাই ও মারধর করার জন্য। এ ঘটনায় হামলার শিকার গোলাম সারোয়ার মজুমদারসহ এ নাটকে যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোলাম সরওয়ার। এরপর সেখান থেকে বের হলে সামনের সড়কে তাকে মারধর করা হয়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গোলাম সরওয়ার রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত