ডিসেম্বরে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

বিশ্বকাপের পর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। তবে সেটা বিরাট কোহলিদের নয়। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। যা আয়োজিত হচ্ছে এবার সংযুক্ত আরব আমিরাতে। যে ‍টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের যুবারাও।

বাবর-রোহিতদের উত্তরসূরিরা ১০ ডিসেম্বর খেলতে নামবে। তার আগে আগামী ৮ ডিসেম্বর ৮ দলের অংশগ্রহণে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৪ দলের দুটি গ্রুপে হবে প্রথমপর্ব।

এই পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে তিনটি করে ম্যাচ খেলবে সব দল। গ্রুপপর্বের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে। এইভাবে দুটি গ্রুপ থেকে চারটি দল উঠবে সেমিতে।

টুনামেন্টের সূচি অনুসারে, ১০ ডিসেম্বর মাঠে নামবে ভারত-পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই টুর্নামেন্টে 'এ' গ্রুপে পাকিস্তানের বাকি দুটি ম্যাচ নেপালের বিপক্ষে আগামী ৮ ডিসেম্বর এবং আফগানিস্তানের বিপক্ষে ১২ ডিসেম্বর।

টুর্নামেন্টে 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে টাইগারদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, জাপান ও শ্রীলঙ্কা। ৯ ডিসেম্বর স্বাগতিক আমিরাতের বিপক্ষে মাঠে নামবে সাকিব-মুশফিকদের উত্তরসূরিরা। বাংলাদেশের বাকি দুটি ম্যাচ ১১ ডিসেম্বর জাপানের বিপক্ষে ও ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।

সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর ও শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি হবে ১৭ ডিসেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত