চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে তুমুর ও ওয়াজিহা নামের দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উভয়ের বয়স ৮ বছর। শনিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হিরা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানা যায়, তুমুরের পিতা প্রয়াত আজমের চল্লিশার নির্ধারিত দিন ছিল আজ। সে হিসাবে পরিবারে তার জেয়াফতের আয়োজন করা হয়। এ ব্যস্ততার ফাঁকে সবার অগোচরে বিকালে বান্ধবী ওয়াজিহাকে নিয়ে পাশের পুকুরে গোসল করতে যায় নিহত তুমুর। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পুকুরে দুজনের ভাসমান লাশ দেখতে পায়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে, পিতার চল্লিশার দিনে মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেনা পরিবারের লোকজন।
