সন্তান নিয়ে কাড়াকাড়ি, আবারও বাবা হতে চান রণবীর! 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম

গত বছরের নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। মেয়ে রাহা কাপুরের বয়স সবে এক, এরমধ্যেই দ্বিতীয় সন্তান নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণবীর কাপুর! সম্প্রতি কফি উইথ করণ-এ এসে সেই জল্পনা উস্কে দিয়েছিলেন রাহার খালা কারিনা কাপুর। এবার দ্বিতীয় বার বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রণবীর নিজেই। তাহলে কি রাহার খেলার সঙ্গী আসতে চলেছে খুব শীঘ্রই!

এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘আমি জীবনে কখনও কল্পনা করতে পারিনি, এই ধরনের আনন্দ আমি পেতে পারি। আমাকে এমন একটা সম্পর্কের অনুভূতি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রতিদিন কৃতজ্ঞতা জানাই।’ এমনিতেই বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, মেয়ে রাহার সঙ্গে সব থেকে বেশি সময় রণবীরই কাটান। এমনকি, মেয়েকে ঘুম পাড়ানো থেকে ঢেকুর তোলানোর মতো কাজে রীতিমতো পারদর্শী হয়ে উঠেছেন অভিনেতা। 

সম্প্রতি করণের চ্যাট শোতে এসে আলিয়া জানান, তাদের মধ্যে নাকি নিত্য দিন মেয়েকে নিয়ে কাড়াকাড়ি হয়। কে বেশিক্ষণ ওর সঙ্গে কাটাবেন, সেই নিয়ে ঝামেলা। আলিয়ার কথা শুনে, সঙ্গে সঙ্গে ফোড়ন কেটে কারিনা বলেন, ‘এক কাজ করো, দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও। তা হলে দু’জনের দুটো সন্তান থাকবে।’

ননদের কথা একেবারে ফেলে দিয়েছেন এমনটা নয়, বরং খানিক লাজুক হাসেন আলিয়া। এর কিছু দিনের মাথায় এবার রণবীর জানান, দ্বিতীয়বার বাবা হওয়ার ইচ্ছে তারও রয়েছে। দ্বিতীয় বারও কন্যাসন্তানই চান বলেই জানালেন রণবীর। তবে এখনই তার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমা। আপাতত ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত