নিখোঁজের তিনদিন পর তরুণের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

নিখোঁজের তিনদিন পর এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার খালি জায়গা থেকে তৌহিদুল ইসলাম (১৯) নামে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিনাজপুর থেকে জুয়েল রানা (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তৌহিদুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর রাত সাড়ে ১১টার দিকে তৌহিদের মোবাইল থেকে তার মায়ের মোবাইল ফোনে ম্যাসেজ আসে। তখন জানানো হয়, তৌহিদ তাদের কাছে আছে এবং তাকে মুক্ত করতে হলে ৩০ লাখ টাকা দিতে হবে। টাকা না পেলে তৌহিদকে মেরে ফেলবে। পরে তৌহিদের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ গোয়েন্দা তথ্য, কৌশল ও প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের কাহারোল থানাধীন গাসারিয়া এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেপ্তার করে। তখন তার কাছ থেকে নিহত তৌহিদের ব্যবহৃত মোবাইল সিম পাওয়া যায়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল তাদের জানিয়েছেন, তিনি গত ১৬ নভেম্বর তৌহিদের কাছে ১০ লাখ টাকা দেন। সেই টাকা চাইতে ঘটনার দিন রাতে তাকে ডেকে পাঠান। পরে সেখানে আসলে তাকে টাকা না দিয়ে ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালান। পরে ছুরি কেড়ে নিয়ে তাকেই হত্যা করে ফেলে রেখে চলে যান। 

এই কর্মকর্তা জানান, তারা এখনও তদন্ত করছেন। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরওয়ার্দী হাসপাতের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত