কিয়েভে হামলার পরদিন রাশিয়ায় ইউক্রেনের ২৪ ড্রোন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:১১ পিএম

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ছোড়া ২৪টি ড্রোন গুলিতে ভূপাতিত করেছে। মস্কো, তুউলা, কালুগা, স্মোলেনস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় এসব ড্রোন ধ্বংস করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রবিবার (২৬ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ড্রোনের পাশাপাশি দুটি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করার কথাও জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস বলছে, মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলার চেষ্টা চালায় কিয়েভ। তবে মস্কোর প্রতিরক্ষা বাহিনী এসব হামলা ব্যর্থ করে দিয়েছে।

ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন, তার অঞ্চলে দুটি ড্রোন গুলিতে ভূপাতিত করা হয়েছে।

এর আগে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর পাশাপাশি আরো তিনটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকিয়েছে প্রতিরক্ষা বাহিনী। যদিও শনিবার রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছিল কিয়েভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত