দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য আমলে নিচ্ছেন না জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ক্ষমতাসীন দলের শরিক এই দলটির প্রধান বলেছেন, ‘প্রতিপক্ষ জোট থাকুক আর না থাকুক, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে।’
গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। এর আগে তিনি ভেড়ামারায় মনোনয়নপত্র দাখিল করেন।
সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ‘ওবায়দুল কাদের কী বলেছেন, সেটা তিনিই ভালো জানেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। এ ছাড়া ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিক দলের প্রার্থীরা ব্যবহার করতে পারবেন।’
গত শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, প্রয়োজন না পড়লে কেন জোট করতে হবে। ১৪ দলের শরিকদের বিষয়ে আওয়ামী লীগে সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
ইনু বলেন, জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন।
