নিখোঁজের তিন দিন পর এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকা খালি জায়গা থেকে তৌহিদুল ইসলাম (১৯) নামে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিনাজপুর থেকে জুয়েল রানা (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তৌহিদুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে তৌহিদের মোবাইল থেকে তার মাকে মোবাইল ফোনে মেসেজ করে একজন ব্যক্তি। সে তখন জানায় তৌহিদ তাদের কাছে আছে এবং তাকে মুক্ত করতে হলে ৩০ লাখ টাকা দিতে হবে। টাকা না পেলে তৌহিদকে মেরে ফেলবে বলে হুমকি দেন। পরে তৌহিদের পরিবার থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ গোয়েন্দা তথ্য, কৌশল ও প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের কাহারোল থানাধীন গাসারিয়া এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। তখন তার কাছ থেকে নিহত তৌহিদের ব্যবহৃত মোবাইল সিম পাওয়া যায়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল তাদের জানিয়েছে, সে ১৬ নভেম্বর তৌহিদের কাছে ১০ লাখ টাকা দেয়। সেই টাকা চাইতে ঘটনার দিন রাতে তাকে ডেকে পাঠায়। পরে সেখানে আসলে তাকে টাকা না দিয়ে ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে সে তার কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তাকেই হত্যা করে ফেলে রেখে চলে যায়। এই কর্মকর্তা জানান, তারা এখনো তদন্ত করছেন। এত টাকা কোথা থেকে এলো। তাদের কানেকশনটা কী এবং অন্য কিছু আছে কি না, সব দিন বিবেচনা করে তদন্ত চলছে। তারা লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
×
