রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা বোর্ডের সভাপতি হলেন ড. ইউনূস

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম

রাশিয়া সরকারের অধীনস্ত ফাইনান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৭ নভেম্বর) ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।

২০২৩ সালের ২৩ নভেম্বর নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও রাশিয়ান ফেডারেশন সরকারের অধীনস্ত ফাইনান্সিয়াল ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর স্তানিস্লাভ প্রোকোফিয়েভের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়টিতে একটি আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রফেসর ইউনূসকে এই উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত করার প্রস্তাব দেন এবং তিনি তা সানন্দে গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফাইনান্সিয়াল ইউনিভার্সিটি রাশিয়ার শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম। এর একাডেমিক স্টাফের সংখ্যা তিন হাজার। গত বছর প্রফেসর ইউনূস এই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি ‘তিন শূন্য’ অর্থাৎ শূন্য নীট কার্বন নিঃস্বরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসা-ভিত্তিক একটি নতুন সভ্যতা নির্মাণে তার চিন্তা-ভাবনা ও রূপকল্প তাদের তুলে ধরেন।“

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফাইনান্সিয়াল ইউনিভার্সিটির এই আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড একটি পরামর্শ-কেন্দ্রিক উচ্চশিক্ষামূলক কমিটির মতো কাজ করবে যার মূল লক্ষ্য হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলো কাজে লাগানো, বিষয়বস্তুভিত্তিক গভীর বিশেষজ্ঞ-বিশ্লেষণ প্রদান করা, কৌশলগত উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তৈরি করা এবং বিশ্ববিদ্যালয়টির জন্য একাডেমিক, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মসূচি গ্রহণে সহায়তা করা।”  

“এছাড়াও বৈঠকে অংশগ্রহণকারীরা ফাইনান্সিয়াল ইউনিভার্সিটি ও ইউনূস সেন্টারের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ফাইনান্সিয়াল ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর স্তানিস্লাভ প্রোকোফিয়েভ টেকসই ও দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়নের গ্যারান্টি হিসেবে সামাজিক ব্যবসার ধারণার প্রতি তার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।“

×
সর্বশেষ সর্বাধিক পঠিত