কারাগারে ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদে জর্জরিত ইমরান খান

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নয় ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদে জর্জরিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

রবিবার (২৬ নভেম্বর) ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) চারটি দল তাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, এনএবি ইমরান খানকে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এবং আল-কাদির ইউনিভার্সিটি ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাকে বিভিন্ন নথি সম্পর্কে জিজ্ঞাসা করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়।

আগামী ২৮ ও ৩০ নভেম্বর ইসলামাবাদের বিভিন্ন আদালতে পৃথক মামলায় হাজিরা দেবেন পিটিআই চেয়ারম্যান। এর মধ্যে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় ২৮ নভেম্বর এবং তোশাখানা দুর্নীতি মামলায় আপিল শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

তবে ২৮ ও ৩০ নভেম্বর ইসলামাবাদের আদালতে উন্মুক্ত বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রীকে হাজির করা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

তোষাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা পেয়ে গত ৫ আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি ছিলেন ৭১ বছর বয়সী ইমরান খান। গত ২৯ আগস্ট ইসলামাবাদ হাইকোর্ট সাজা স্থগিত করে তাকে মুক্তির আদেশ দেয়। তবে বিচারিক আদালত কর্তৃপক্ষ রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করে কারাগারে বিচার করার নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত