মাদারীপুরের শিবচরে প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস করার অভিযোগে নুরুল আমীন নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নুরুল আমীন উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উতরাইল মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গতকাল সোমবার দুপুরে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল স্বাক্ষরিত অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সি রুহুল আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ নামে একটি মেসেঞ্জার গ্রুপে শিক্ষক নুরুল আমীন গতকাল সোমবার নির্ধারিত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার প্রশ্ন আপলোড করেন। রাতেই বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নজরে আসে। পরে গতকাল সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়।
এরপর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশে সহকারী শিক্ষক নুরুল আমীনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে জানতে বরখাস্ত সহকারী শিক্ষক নুরুল আমীনের নম্বরে বেশ কয়েকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
