বিশ্বকাপ জয়ের চারদিন পরই টি-টোয়েন্টি খেলতে নেমে ছন্দ খুঁজে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারে দাঁড়িয়ে তারা। পাঁচ ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়াতে দলে বড়সড় পরিবর্তন এনেছে অজিরা।
সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে থাকা সাতজনকে রেখেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ট্রাভিস হেড বাদে সবাইকে বিশ্রাম দিয়েছে তারা।
ভারত থেকে এরই মধ্যে দেশে ফিরে গিয়েছেন স্টিভেন স্মিথ ও অ্যাডাম জাম্পা। আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার কথা গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জশ ইংলিস ও শন অ্যাবটের।
তাদের জায়গায় শেষ তিন টি-টোয়েন্টির জন্য জশ ফিলিপি, বেন ম্যাকডারমট, বেন ডোয়ার্শিস ও ক্রিস গ্রিনকে স্কোয়াডে যোগ করেছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন কিপার-ব্যাটসম্যান ফিলিপস এবং ব্যাটসম্যান ম্যাকডারমট। চতুর্থ ম্যাচের আগে যোগ দেবেন ডোয়ার্শিস এবং স্পিনার গ্রিন।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি গুয়াহাটিতে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত।
শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দল: ম্যাথু ওয়েড, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, ক্রিস গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, তানভীর সাঙ্ঘা, ম্যাট শর্ট এবং কেন রিচার্ডসন।
