প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ সিনেমা। ছবিতে অভিনেত্রীকে বেশ কয়েকবার অ্যাকশন দৃশ্য করতে দেখা গেছে। তার অ্যাকশনের প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান অ্যাকশন প্রশক্ষিক ও অভিনেত্রীর শ্বশুর শ্যাম কৌশল। তবে এই অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে মাঝ আকাশে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ক্যাট।
‘টাইগার ৩’ ছবির শুটিংয়ে হেলিকপ্টারের ভেতরে স্টান্ট করতে গিয়ে ভয়ানক বিপদে পড়েন ক্যাটরিনা। মাঝ আকাশে হঠাৎ শুরু হয় ঝড়। নিয়ন্ত্রণ হারায় হেলিকপ্টার, দ্রুত নামতে থাকে নিচের দিকে। ভয় পেয়ে যান ক্যাটরিনা। ভাবতে থাকেন হেলিকপ্টার হয়তো ক্রাশ করবে।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মনে হচ্ছিল, এটাই আমার শেষ দিন। চোখ বন্ধ করে ফেলেছিলাম। ঈশ্বরকে ডাকছিলাম। আর খালি একজনের কথাই মনে পড়ছিল। তিনি আমার মা। মনে হচ্ছিল, মা ঠিক থাকবে তো!’ শেষমেশ বেঁচে ফেরেন ক্যাটরিনা কিন্তু সেই দিনের সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি কিছুতেই।
