আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ব্যতিক্রমী শিক্ষাসফর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৮:১১ পিএম

বিদ্যালয়গামী প্রতিটি শিশুর কাছেই শিক্ষা সফর ব্যাপক আনন্দের উপলক্ষ। সারাটা বছর পাঠ্যসূচী আর শ্রেণি কার্যক্রমে কাটানো সময়ের ফাঁকে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার জন্য মুখিয়ে থাকে শিক্ষার্থীরা। ওই সফরের মধ্য দিয়ে হয় বাইরের প্রকৃতি-পরিবেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, অর্জিত হয় জ্ঞান। এ জন্যই একে বলা হয়ে থাকে শিক্ষা সফর।

সাধারণত কোনো প্রাকৃতিক পরিবেশ, দর্শনীয় স্থাপনা কিংবা পার্ক-পিকনিক স্পটই স্থান হিসেবে নির্ধারিত হয় শিক্ষা সফরের। কিন্তু ব্যত্ক্রিম ঘটনার জন্ম দিল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা বালিকা বিদ্যালয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ম্যাচ দেখতে হাজির হন বিদ্যালয়টি প্রায় শ’দুয়েক শিক্ষার্থী।

আজ ম্যাচের প্রথম দিনে দ্বিতীয় সেশন শুরু সময়ে একসঙ্গে মাঠে প্রবেশ করেন ভাটেরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগে থেকেই বিসিবির সঙ্গে যোগাযোগ করে রেখেছিলেন বিদ্যালয় প্রশাসন। ক্লাব হাউজের অংশটা তাই এই ক্ষুদে ক্রিকেট ভক্তদের জন্য বরাদ্দ করে রাখে সিলেট স্টেডিয়াম কর্তৃপক্ষ।

মাঠে বসে প্রিয় দলকে গলা ফাটিয়ে সমর্থন জানাতে কোনো কুণ্ঠা করেনি শিক্ষার্থীরা। রীতিমতো প্ল্যাকার্ড নাড়িয়ে তাদের ‘বাংলাদেশ, ‘বাংলাদেশ’ স্লোগানে মুখর হয় সিলেট স্টেডিয়ামের পরিবেশ। সে এক দেখার মতো দৃশ্য। ক্রিকেট মাঠে শিক্ষা সফরের এমন নজির গড়ে তাক লাগানো ব্যক্তিদের একজন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা আক্তার। তিনি জানান, ‘বর্তমানে শেখার জায়গাটা তো উন্মুক্ত। কেউ কিছু শিখতে চাইলে যে কোনো জায়গা থেকেই শেখা যায়। স্টেডিয়ামে মেয়েরা এসে খেলা দেখতে পারছে, বিনিয়মে অনেক কিছু শিখছে। এই শিক্ষা সফর থেকে এটাই আমাদের প্রাপ্তি।’

ক্রীড়া থেকে শেখার আছে অনেক কিছু। জাতীয় পাঠ্যসূচীতেও তাই ক্রীড়াকে দেয়া হয়েছে অন্যতম গুরুত্ব। আর তার পাশাপাশি নিজের দেশের খেলা মাঠে দলবেঁধে বসে দেখার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে এ সকল ক্ষুদে শিক্ষার্থীদের। এমন অনন্য উদ্যোগের মাধ্যমে শিশুমনে আনন্দের খোরাক জোগানোয় সেইসব শিক্ষকদের প্রতি শ্রদ্ধা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত