অস্ট্রেলিয়ার নিউক্যাসল বন্দরে পরিবেশকর্মীদের ৩০ ঘণ্টাব্যাপী বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত সময়ের পরও সেই বিক্ষোভ চালিয়ে যাওয়ায় ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্কসহ ৯৭ বছর বয়সী এক পাদ্রিও রয়েছেন।
গত সপ্তাহান্তে ছোট ছোট কায়াকে চেপে অস্ট্রেলিয়ার বৃহত্তম বন্দরে বিক্ষোভ করেন প্রতিবাদীরা। বিক্ষোভের আয়োজক সংস্থা রাইজিং টাইড জানায়, অস্ট্রেলিয়ার বাড়ন্ত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার বিরুদ্ধে এই কর্মসূচি। বিজ্ঞানীরা বার বার বলছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার অবিলম্বে বন্ধ করতে। সে কারণেই গ্রেপ্তারের ঝুঁকি নেওয়া হয়। প্রতিবাদী এই গোষ্ঠীর সঙ্গে রয়েছেন নিউক্যাসলের কিছু স্থানীয় বাসিন্দাও।
অন্যদিকে গ্রেপ্তার ৯৭ বছর বয়সী পাদ্রী অ্যালান স্টুয়ার্ট জানিয়েছেন, তিনি তার নাতি-নাতনি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিবাদে অংশ নিয়েছেন। তিনি চান না ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন বিশ্ব রেখে যেতে যেখানে ‘ঘন ঘন ও গুরুতর পরিবেশ বিপর্যয়ের’ ঝুঁকি বাস্তবে পরিণত হবে।
