নির্বাচনের তারিখ পেছাতে সিইসিকে আইনি নোটিশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকনন্দ ইমেইল ও রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। এতে নির্বাচন পেছাতে ২৪ ঘন্টার সময় দিয়ে বলা হয়েছে, ব্যত্যয় হলে এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

নোটিশের বরাতে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে এখনো অংশ নেবে কি না নিশ্চিত নয়। এছাড়া দেশের লাগাতার অবরোধ-হরতাল চলছে। এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন কতটুকু যৌক্তিক সে প্রশ্ন রয়েছে।

তিনি সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে বলেন, সেখানে বলা হয়েছে সংসদ ভেঙে যাবার আগের ৯০দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তার মানে জানুয়ারির শেষ দিক পর্যন্ত সময় রয়েছে। এছাড়া সংবিধানে এটাও বলা আছে যে দৈব দুর্বিপাকে নির্বাচন পেছানো যেতে পারে। এসব উল্লেখ করে নোটিশটি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে আগামী ৭ জানুয়ারি তারিখ রেখে গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত