“আমি ভাবিনি আমাকে নিয়ে তোমরা এমন আয়োজন করবে! তোমরা বাংলা, বাঙালিত্বকে প্রবাসের মাটিতে যেভাবে ধরে রেখেছ— দেখে এবং শুনে আমি সত্যি মুগ্ধ হয়েছি।” প্রশান্তিকার আয়োজনে ‘দুর্জয় প্রাণের আনন্দে, আনোয়ারা সৈয়দ হক সন্ধ্যা’র আয়োজনের পরে এভাবেই মুগ্ধতা জানালেন বর্ষীয়ান কথাসাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, চিকিৎসক আনোয়ারা সৈয়দ হক। পুরো অনুষ্ঠানে বক্তারা এবং তিনি নিজে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সাথে তার জীবনযাপন ও সাহিত্যের গল্প বললেন।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় প্রশান্তিকা আয়োজিত ‘দুর্জয় প্রাণের আনন্দে আনোয়ারা সৈয়দ হক সন্ধ্যায়’ মিলিত হয়েছিলেন সিডনির সুধিজনেরা। অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ।
আনোয়ারা সৈয়দ হক ও তার প্রয়াত স্বামী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা থেকে পাঠ করেন শহিদুল আলম বাদল, অপু, ওমর আয়াজ অনি এবং নেহাল নেয়ামুল বারী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ড. মোহাম্মদ আলী, ডা. শাফিন রাশেদ, ড. শাখাওয়াৎ নয়ন, কামাল পাশা, শফিকুল আলম। লেখকের জীবন ও সাহিত্য নিয়ে বক্তব্য দেন সিডনিবাসী কলামিস্ট ও ছড়াকার অজয় দাশগুপ্ত।
৬০ এর দশকে লেখালেখির শুরু করেন আনোয়ারা সৈয়দ হক। প্রথম বই বের হলো ৮২ সালে। এতদিন লেগেছিল কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন— ঘরের সাথী স্বামী সব্যসাচী সৈয়দ শামসুল হক ততদিনে ফুলটাইম লেখক হয়ে গিয়েছেন। খুশি মনেই তিনি সংসার, চিকিৎসা পেশায় মনোনিবেশ করেছিলেন। তারপরও হাল ছাড়েননি। লেখালেখির কারণেই ৬৯ বছর বয়সে জুটেছে বাংলা একাডেমি পুরস্কার। মাত্র কয়েক বছর আগে ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে ভূষিত করেছেন একুশে পদকে। মাঝে পেয়েছেন অনন্যা সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, শিশু একাডেমী পুরস্কার এবং অন্যান্য আরও পদকে ভূষিত হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন সিডনির সিনিয়র সিটিজেন গামা আব্দুল কাদির। তিনি অজয় দাশগুপ্ত, শফিকুল আলম এবং আনোয়ারা সৈয়দ হককে নিয়ে মঞ্চে উপবিষ্ট হন।
আনন্দ আয়োজনের মধ্যমণি আনোয়ারা সৈয়দ হক তার স্মৃতির ঝাঁপি খুলে দিয়ে সকলকে মুগ্ধ করেন। প্রশান্তিকার পক্ষ থেকে আনোয়ারা সৈয়দ হককে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। এ উপলক্ষে তাকে ফুল, বই এবং সম্মাননা সনদ উপহার দেয়া হয়। তিনি এই সম্মাননা সাদরে গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রশান্তিকা সেরা লেখক ২০২৩ ঘোষণা করা হয়। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক পিয়ারা বেগমকে এ বছরের সেরা লেখক পুরস্কার দেয়া হয়। তিনি বাংলাদেশে থাকার কারণে তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন লেখক ও সংগঠক অনীলা পারভীন। এ উপলক্ষে তাকে সম্মাননা সনদ ও ১০ হাজার টাকার বই উপহার দেয়া হয়।
অনুষ্ঠান শেষে আনোয়ারা সৈয়দ হকের সাথে প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ। এই পর্বে অংশ নেন পূরবী পারমিতা বোস, অনীলা পারভীন, মোহাম্মাদ আলী, শাফিন রাশেদ, আকাশ কামরুল প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শফিকুল আলম ও তার কোম্পানি এ ওয়াই কমার্শিয়াল ক্লিনিং। ছবি তুলেছেন সরকার কবিরউদ্দিন ও এডওয়ার্ড অশোক অধিকারী। সঞ্চালনা করেছেন কথাসাহিত্যিক ও প্রশান্তিকা বার্তা সম্পাদক আরিফুর রহমান।
