সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারত বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু যাচ্ছেতাই পারফরম্যান্সে অষ্টম হয়ে আসর শেষ করে তারা। দলের এমন ভরাডুবির কারণ অনুসন্ধানে বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। তিন সদস্যের বিশেষ কমিটির কাজ হবে বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স খতিয়ে দেখা।
কমিটিতে থাকা তিনজনই বিসিবি পরিচালক। এনায়েত হোসেন সিরাজ আছেন আহ্বায়ক হিসেবে। মাহবুবুল আনাম ও আকরাম খানকে রাখা হয়েছে সদস্য হিসেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'কমিটির উদ্দেশ্য হলো বিশ্বকাপে দলের দুর্বল পারফরম্যান্সের কারণগুলো খুঁজে বের করা এবং পরবর্তীতে এই কমিটি বোর্ডের কাছে তাদের ফলাফল উপস্থাপন করবে।'
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু এরপর তারা হারিয়ে ফেলে ছন্দ। হারতে থাকতে একের পর এক ম্যাচ। শেষ দিকে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকেট কোনোমতে নিশ্চিত করতে পারে সাকিব আল হাসানের দল।
