রাবি ছাত্রদলের আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাজলা এলাকায় পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া মাসুদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিলুর রহমান সোহাগ (২৮), কর্মী মো. সোহান (৩৫) ও মো. তিমেল (২২) , মতিহার থানা ছাত্রদলের সহসভাপতি মো. তরিকুল ইসলাম (৩১) ও আশরাফুল ইসলাম।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

তিনি বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গতকাল থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় তদন্ত চলমান। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রাজশাহী নগরের কাজলা এলাকায় পাটকাঠিবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা পাটকাঠি পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান। ট্রাকের ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি। এ ঘটনার পর রাতেই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে মামলার প্রধান আসামি সুলতান আহমেদ রাহী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে ট্রাকে দিয়েছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। দেশের জনগণ আর এসব বিশ্বাস করে না। জনগণের অধিকার রক্ষায় মিথ্যা হামলা-মামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত