আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদরের আংশিক) আসনে স্বামী সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বিপক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার স্ত্রী চন্দনা হক। বি এম কবিরুল হক মুক্তি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে জেলার কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাদের প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা (কালিয়া) রুনু সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চন্দনা হকের প্রতিনিধিরা গতকাল মঙ্গলবার তার পক্ষে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নড়াইল-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৯ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইসলামী ঐক্যজোটের সাজ্জাদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিল্টন মোল্যা, সিকদার মো. শাহাদাত হোসেন এবং জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি শামিম আরা পারভীন (ইয়াসমিন)।
