বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচনে সব সময় স্বতন্ত্র প্রার্থী ছিল এবং থাকে, অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিতও হন। তবে আমাদের দলের যারা পদধারী স্বতন্ত্র প্রার্থী, তাদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে।’
গতকাল বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নিচে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
৭ জানুয়ারি যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে।’
কয়েক দিনের মধ্যে সরকারের পতন হবে বিএনপির এমন দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বিএনপি এখন দৈব-দুর্বিপাকের ওপর নির্ভর করছে। দেশে তারা এ ধরনের ঘোষণা দিয়ে নিজেদের হাস্যকর করে তুলেছে। সরকারের পতন নিয়ে তো বহুদিন ধরে বিএনপি দিনক্ষণ ঘোষণা করে।’
