আফগানিস্তানে গত ছয় মাসে প্রায় ৫০০ জন মাদকাসক্ত নারী ও ২৫০ জন শিশুকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন মাদকবিরোধী বিভাগ এ তথ্য জানিয়েছে। গতকাল বুধবার (২৯ নভেম্বর) টোলোনিউজের প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
মাদকবিরোধী উপমন্ত্রীর কার্যালয় প্রধান হাসিবুল্লাহ আহমাদি বলেন, দেশের বিভিন্ন জোনে প্রতি তিন মাসে ২০ হাজার মাদকাসক্তকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে বর্তমানে এক হাজারের বেশি নারী মাদকাসক্ত চিকিৎসাধীন রয়েছে।
আয়েশা (৩৮) নামের এক নারী বর্তমানে কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে থাকেন। তিন সন্তানের মা আয়েশা জানান, তাদের অর্থনৈতিক সমস্যা ছিল। দুই রাত এবং দিন কিডনিতে ব্যথা হচ্ছিল তার। তখন আয়েশার স্বামী তাকে ড্রাগ নিতে বলেন।
আয়েশা বলেন, আমি একবার ড্রাগ নিয়ে আসক্ত হয়ে পড়ি। তখন চিকিৎসক আমাকে পুনর্বাসন কেন্দ্রে যেতে বলেন।
পুনর্বাসন কেন্দ্রের এক নার্স জানান, তাদের মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ অর্থনৈতিক সংকট, পারিবারিক সহিংসতা ও মানসিক চাপ। যদিও আফগানিস্তানে মাদকাসক্ত নারীর সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য নেই। ২০১৮ সালে পরিচালিত এক জরিপে জানা যায় দেশটির ৩৫ লাখ মাদকাসক্তের মধ্যে প্রায় ৫৮ জন হাজার নারী।
