আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে দুই দিনে মর্মান্তিক মৃত্যু হলো পাঁচজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দুইজন। ঘটনাটি ভারতের গুজরাতের খেড়া জেলার।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কফ সিরাপের মধ্যে ছিল বিষাক্ত রাসায়নিক। সেই সিরাপ খেয়েই অসুস্থ হয়ে পড়েন অনেক মানুষ। ইতোমধ্যে কফ সিরাপ বিক্রির সঙ্গে যুক্ত তিনজনকে আটক করেছে স্থানীয় পুলিশ, যার মধ্যে রয়েছে বিক্রেতাও। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দোকানে কালমেঘশব-অসব অরিষ্টা নামে একটি কফ সিরাপ বিক্রি হচ্ছিল। অন্তত ৫০ জনকে বিক্রি করা হয় এই সিরাপ, যা খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক মিথাইল অ্যালকোহল মেশানো ছিল। একজনের রক্ত পরীক্ষা করার পর তা ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খেড়ার এসপি রাজেশ গাঢ়িয়া। তিনি বলেন, সম্ভবত বিক্রি করার আগেই রাসায়নিক মেশানো হয়েছিল।
