দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। একইদিন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা শেষে শাহজাহান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘রূপগঞ্জে অনেক অবৈধ অস্ত্র রয়েছে। সেসব অস্ত্র উদ্ধারের জন্য আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আমরা অস্ত্রবাজিতে বিশ্বাসী নই। রূপগঞ্জের অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। সাধারণ মানুষকে অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে। অস্ত্রবাজির প্রমাণ আপনারা গতকাল পেয়েছেন। অস্ত্র নিয়ে তারা মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। আমরা রূপগঞ্জে অস্ত্রের মহড়া চাই না।’
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘আমি রূপগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম। আজ (গতকাল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলাম। রূপগঞ্জবাসীর ভালোবাসার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রূপগঞ্জে দলের নেতাকর্মীরা লাঞ্ছিত-বঞ্চিত হয়েছেন। তাদের মূল্যায়ন করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মান্নান মুন্সী, সহদপ্তর সম্পাদক ওবাইদুল মজিদ জুয়েল মাস্টার, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য রিটন প্রধান প্রমুখ।
