উইলিয়ামসনের পর নিকোলসকে দ্রুত ফেরাল বাংলাদেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ পিএম

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনকে এবার বেশিক্ষণ টিকতে দিলেন না তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে বাঁহাতি স্পিনার এলবিডব্লিউ করে দিলেন অভিজ্ঞ টপ অর্ডার ব‍্যাটসম‍্যানকে।

স্টাম্প তাক করা ডেলিভারির লাইনে যেতে পারেননি উইলিয়ামসন। ব‍্যাটের কানা এড়িয়ে বল আঘাত হানে প‍্যাডে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে অন্তিম সময়ে রিভিউ নেন উইলিয়ামসন। তাতে কোনো কাজ হয়নি, বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পে। নষ্ট হয় নিউ জিল‍্যান্ডের একটি রিভিউ।

২৪ বলে দুই চারে ১১ রান করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১০৪ রান।

উইলিয়ামসনের বিদায়ের পর দ্রুত ড্রেসিং রুমের পথ ধরেন হেনরি নিকোলসও। নিজের দ্বিতীয় ওভারে এসে কিউই ব্যাটসম্যানকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

শুরুর দিকে মিরাজকে এক ওভার দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ওই ওভারে ৯ রান দেওয়ার পর মিরাজকে আর বোলিংয়ে আনেননি শান্ত। দ্বিতীয় স্পেলে এসে চতুর্থ বলেই উইকেট নিলেন এই অফ স্পিনার।

গুড লেংথে হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি সুইপ করতে গিয়ে নিকোলসের ব্যাটের ওপরের কানায় লেগে উপরে উঠে যায়। সামান্য পিছিয়ে বল মুঠোয় জমান শর্ট ফাইন লেগে থাকা নাঈম হাসান।

৮ বলে ২ রান করে ফেরেন নিকোলস। উইকেটে নতুন ব্যাটসম্যান ড্যারিল মিচেল। তার সঙ্গী ওপেনার ডেভন কনওয়ে। ১৩ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৩০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত