পাকিস্তানের নির্বাচক প্যানেলে ‘বিতর্কিত’ সালমান বাট

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

পাকিস্তান ক্রিকেটের নির্বাচক প্যানেলে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও অধিনায়ক সালমান বাট। এর আগেই ওয়াহাব রিয়াজকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়। তার প্যানেলের পরামর্শক হিসেবে আজ বাটের সঙ্গে কামরান আকমল ও রাও ইফতিখার আনজুমকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পিসিবি। তবে স্পট ফিক্সিংয়ের দায়ে লম্বা সময় নিষিদ্ধ থেকে কারাভোগ করার পর এ দায়িত্বে বাটের নিয়োগকে চমক হিসেবেই দেখা হচ্ছে।

পরিবর্তিনের হাওয়ায় থাকা পাকিস্তান ক্রিকেটে সর্বশেষ সংযোজন এ তিনজনের নিয়োগ। গতকাল অ্যাডাম হলিয়াককে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, তিনজনের নিয়োগ এখন থেকেই কার্যকর হবে। তাঁদের প্রথম কাজ হবে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন। দল নির্বাচনের কাজে সম্পৃক্ত না থাকা অবস্থায় এ তিনজন স্কিল ক্যাম্প পরিচালনার বাড়তি দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছে পিসিবি।

কামরান আকমল ১৫ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন।  চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর পিসিবির জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

গত বছরের শেষ দিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি ও নির্বাচক আব্দুল রাজ্জাকের সঙ্গে কমিটিতে ছিলেন ছিলেন রাও ইফতিখার আনজুম। ক্যারিয়ারে ১টি টেস্ট, ৬২টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন আনজুম ।

তবে বাট এবারই প্রথম পিসিবির আনুষ্ঠানিক কোনো দায়িত্ব পেলেন। ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া তখনকার পাকিস্তান অধিনায়ক নিষিদ্ধ হওয়ার পাশাপাশি কারাগারেও গিয়েছিলেন। ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা এ ব্যাটসম্যান নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর খেলেননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত