হারলে কার না খারাপ লাগে। হতাশা যেন চেপে ধরে চারপাশ থেকে। নিউজিল্যান্ড দলের অবস্থাও এখন তাই। বাংলাদেশের বিপক্ষে যে সিলেট টেস্টে বড় ব্যবধানে হেরে গেছে তারা। তবে কিউই অধিনায়ক, তাদের পরাজয়ের পেছনে বড় কৃতিত্বটা দিলেন স্বাগতিকদেরই। তার মতে, দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ।
প্রথম টেস্টে আজ নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ১৮ টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
স্বাগতিকদের এই জয়ের বড় কারিগর তাইজুল ইসলাম। ম্যাচে ১০ উইকেট নিয়ে একাই নিউজিল্যান্ডের ব্যাটিং গুঁড়িয়ে দেন বাঁহাতি এই স্পিনার। সঙ্গে বাকিরা তো বল হাতে টুকটাক অবদান রেখেছেনই।
আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও অবদান কম নয়। নেতৃত্বের অভিষেকে তিনি যেভাবে দলকে পথ দেখিয়েছেন তা নজর কেড়েছে সবারই। আর নিজেও ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। দায়িত্বশীল এক সেঞ্চুরি করে দলের বড় পুঁজি ভিত তো গড়ে দিয়েছিলেন বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যানই।
হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাউদি তুলে ধরলেন নিজেদের অনুভূতির কথা, ‘হতাশ তবে কৃতিত্ব বাংলাদেশের। তারা ভালো খেলেছে। আমাদের বোলিং বিভাগকে আরও লম্বা সময় ধরে প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল। আর ব্যাটসম্যানদের জুটি গড়তে হতো। ভালো একটি উইকেট ছিল। স্পিনাররা সহায়তা পেয়েছে, আর বিশ্বের এই প্রান্তে এটাই প্রত্যাশিত।’
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু আগামী ৬ ডিসেম্বর, মিরপুরে।
