খাগড়াছড়ির গুইমারায় গত রবিবার রাতে সরকারি চালভর্তি ট্রাকে দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ চালকের সহকারী বেলাল হোসেন (৩৫) মারা গেছেন।
আজ শনিবার (০২ ডিসেম্বর) বেলা ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, বেলালের শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি মারা গেছেন।
এদিকে মৃত বেলালের ছোট ভাই আবু বক্কর সিদ্দিক জানান, তাদের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আদর্শগ্রাম মধ্যপাড়ায়। বেলাল ট্রাকের হেল্পার হিসেবে কাজ করতেন। গত রবিবার রাতে চট্টগ্রাম থেকে ট্রাকে চাল নিয়ে খাগড়াছড়ি মাটিরাঙ্গা থানার তাইন্দং সরকারি খাদ্যগুদামে ফিরছিলেন। পথে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বেলাল দগ্ধ হন আর ট্রাকের চালক ইসহাক মিয়া (২৮) আহত হন। ওই দিনই দগ্ধ হেল্পার ও চালককে উদ্ধার করে মানিকছড়ি সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। পরদিন তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
