যুগান্তরের সাংবাদিক নেসারুল হক খোকনের বিরুদ্ধে কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিক আব্দুর রশীদের করা হয়রানিমূলক মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল এমন দাবি জানান।
তিনি বলেন, এই মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহার না করলে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেওয়া হবে। এই পর্যন্ত যারাই নেসারুল হক খোকনের বিরুদ্ধে মামলা করেছেন, সেসব কর্মকর্তারা এখন কারাগারে। সুতরাং সাবধান হয়ে যান; দ্রুত মামলা প্রত্যাহার করুন।
তিনি আরও বলেন, গত ২১ নভেম্বর ‘পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, কর্ণফুলীর ৭ ড্রেজার নির্মাণে দুর্নীতি’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি সম্পূর্ণই পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিবেদনের অংশ। এরপর এ রকম হয়রানিমূলক মামলার পেছনে উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন সাংবাদিক সমাজ।
ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ বলেন, যেখানে পানি সম্পদ মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদনে বলেছে, সরবরাহকৃত ৬১৫ কোটি টাকারও বেশি দামে কেনা ৭ ড্রেজার নির্মাণে শর্ত ভঙ্গ করা হয়েছে ও পিপিআর মানা হয়নি। সেখানে যুগান্তরে প্রকাশিত ওই প্রতিবেদন মিথ্যা, বানোয়াট উল্লেখ করে মামলা করা দুরভিসন্ধিমূলক।
ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লাভলুর সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিআরইউর নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সভাপতি আবুল খায়ের, ইশারফ হোসেন ইসা, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সাধারণ আলাউদ্দিন আরিফ, ডিআরইউর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্র্যাবের সিনিয়র সদস্য জামিউল আহসান সিপু,রিপোর্টার্স এগিনেইস্ট করাপশন (র্যাক) এর সভাপতি আহমেদ ফয়েজ বক্তব্য দেন। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে ক্র্যাবের নির্বাহী কমিটির সদস্য ছাড়াও সিনিয়র সদস্য, ডিআরইউর নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্য ও ডিআরইউর সদস্যবৃন্দ, ডিআরইউ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বদরুল আলম খোকন মানববন্ধনে উপস্থিত ছিলেন।
