বিকন পুরস্কার পেল ব্রিটেনের ১১ মসজিদ ও ইমাম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ এএম

যুক্তরাজ্যে সেরা ইমাম ও মসজিদ সম্মাননা পুরস্কার ঘোষিত হয়েছে। এতে পাঁচ শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে সেরা ইমাম, মসজিদ, মাদ্রাসাসহ ১১ ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তিত্বদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়। গত শনিবার ম্যানচেস্টারের ওয়ার্নেথ স্যুট হলে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। এতে পরিচালনার ক্ষেত্রে সেরা মসজিদ হিসেবে ইংল্যান্ডের অ্যাশটন সেন্ট্রাল মসজিদ নির্বাচিত হয়। সেরা যুব কার্যক্রম হিসেবে আল-মানার এমসিএইচসি মসজিদ নির্বাচিত হয়। ইংল্যান্ডের ওয়ান্ডসওয়ার্থে অবস্থিত এই মসজিদের তত্ত্বাবধানে তরুণদের জন্য বৈচিত্র্যপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। সেরা মাদ্রাসা হিসেবে আল-আরকাম অ্যারাবিক স্কুল নির্বাচিত হয়। ব্র্যাডফোর্ডের দোহা মসজিদের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক শিশু পড়াশোনা করে। সেরা আউটরিচ পরিষেবার জন্য ফিন্সবেরি পার্কের মুসলিম ওয়েলফেয়ার মসজিদ নির্বাচিত হয়। এর মাধ্যমে সেখানে বিভিন্ন উৎসবে শিশু-কিশোর নানা ইভেন্টের আয়োজন করা হয়। নারীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধার জন্য ব্রিস্টলের বৃহত্তম মসজিদ ইস্টন জামিয়া মসজিদ পুরস্কার পেয়েছে। প্রভাবশালী ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম মহিউদ্দিন। তিনি ইংল্যান্ডের অ্যাশটন সেন্ট্রাল মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। নওমুসলিমদের সর্বোচ্চ সহযোগিতার জন্য ইসলাম ব্র্যাডফোর্ড সেন্টার নির্বাচিত হয়।

প্রভাবশালী নারী আলেম হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতিমা কাসমি। প্রযুক্তিনির্ভর সেরা সৃজনশীল পরিষেবার জন্য আইলেসবেরি মসজিদ নির্বাচিত হয়।

বল্টন শহরের মক্কা মসজিদ সেরা ভবিষ্যৎ নকশার জন্য নির্বাচিত হয়। এখানে পুরুষ ও নারী মুসল্লিদের জন্য নামাজের পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমসহ অন্যান্য সুযোগ-সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। সেরা স্বেচ্ছাসেবী হিসেবে ওয়ান্ডসওয়ার্থের এমসিএইচসি মসজিদের নুরুদিন জাহর নির্বাচিত হন। ব্ল্যাকবার্ন মসজিদ পেয়েছে সেরা স্বেচ্ছাসেবক দলের পুরস্কার। এই মসজিদের ইমাম মো. নুরুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলটি করোনাকালের দাফন কার্যক্রম, হাসপাতাল পরিচালনায় সহায়তাসহ নানা কাজ করেছে।

২০২২ সালে পঞ্চম ব্রিটিশ বিকন মসজিদ পুরস্কার পায়- বেস্ট ফিউচার মসজিদ ডিজাইন বা মসজিদের সেরা নকশা হিসেবে দ্য মদিনাত আল-জাহরা প্রজেক্ট। বেস্ট রান মসজিদ হিসেবে পরিগণিত হয় যুক্তরাজ্যের মেডেনহেড মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার। এছাড়া ওয়ালসালের বিলাল অ্যাকাডেমি, হাউন্সলো মুসলিম সেন্টার ও লিড গ্র্যান্ড মসজিদ। প্রভাবশালী ইমাম হিসেবে ওয়ালসালের আল-ফারুক মসজিদের ইমাম ইবরাহিম ইসাকজি। আল-হায়াত ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ রিজওয়ান হুসাইন ও লন্ডন ইসলামিক কালচারাল সোসাইটির ইমাম কারি ইসহাক জাসাত পুরস্কার লাভ করেন। দি বিকন মসজিদ ইনিশিয়েটিভ অ্যান্ড দ্য ব্রিটিশ বিকন মসজিদ অ্যাওয়ার্ডস ব্রিটিশ মুসলিমদের অর্থায়নে পরিচালিত একটি সামাজিক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের মসজিদ ও ইসলামি শিক্ষাকেন্দ্রগুলোর সামাজিক ভূমিকা তুলে ধরতে ২০১৮ সালে তা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন শওকত ওয়ারিস।

ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত এবারের পর্বে ১১টি বিভাগে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়। মুসলিম কমিউনিটিসহ বিদেশে এই পুরস্কারকে বেশ সম্মানের চোখে দেখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত