বিধানসভা নির্বাচন

চার রাজ্যের মধ্যে তিনটিতেই এগিয়ে বিজেপি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:০০ পিএম

ভারতের মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনে গত মাসে ভোট গ্রহণের পর রোববার শুরু হয়েছে ভোট গণনা। রোববার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়।

আগামী বছর হতে যাওয়া ভারতের লোকসভা নির্বাচনের আগে এ ভোটের ফল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চারটি রাজ্যের মধ্যে তিনটিতেই এগিয়ে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে এগিয়ে রয়েছে বিজেপি। অপরদিকে তেলেঙ্গানাতে এগিয়ে রয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, রাজস্থানে পোস্টাল ব্যালটের গণনার হিসেবে ১১৪ টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ৭১টি আসন। এ রাজ্যে সরকার গঠনে ১০০ আসনে জয় প্রয়োজন।

এদিকে মধ্যপ্রদেশেও সরকার গঠনে প্রয়োজন ১১৬টি আসন। এ রাজ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৬০টি আসনে। আর কংগ্রেস পেয়েছে ৬৭টি আসন।

এদিকে প্রথমে পিছিয়ে থাকলেও পরে বিজেপি এগিয়ে গেছে ছত্তিশগড়ে। এ রাজ্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। ছত্তিশগড়ে ৫৪ আসনে এগিয়ে বিজেপি ও ৩৪ আসন পেয়েছে কংগ্রেস। এ রাজ্যে সরকার গঠনে ৪৬টি আসনে জয় প্রয়োজন।

তবে তেলঙ্গানায় ব্যবধান বাড়িয়ে চলেছে কংগ্রেস। রাজ্যটিতে কংগ্রেস ৭১টি আসনে এগিয়ে আছে। রাজ্যটির ক্ষমতাসীন দল বিআরএস এগিয়ে ৩৭টি আসনে। আর এই রাজ্যে বিজেপি পেয়েছে মাত্র ৯টি আসন। তেলেঙ্গানায় সরকার গঠন করতে প্রয়োজন ৬০ আসনে জয় প্রয়োজন।

এই চার রাজ্যের পাশাপাশি নভেম্বরে মিজোরামেও বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল। রোববার এই রাজ্যের ভোটও গণনা শুরু হওয়ার কথা থাকলেও খ্রিস্টান অধ্যুষিত রাজ্যটিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও গির্জাগুলোর অনুরোধে নির্বাচন কমিশন ভোট গণনার তারিখ একদিন পিছিয়ে সোমবার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত