দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড.শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এতে আগামীকাল সোমবার শুনানি শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান রিটার্নিং অফিসার।
আজ রবিবার (০৩ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেন রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম।
বাতিলকৃত প্রার্থীরা হলেন বরিশাল-১ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামান, বরিশাল-২ আসনের বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলবার্ট বাড়ৈ। তাদের হলফনামা সঠিকভাবে দাখিল করা হয়নি। এতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি বরিশাল-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিয়া ও নূরে আলম শিকদারের এক শতাংশ ভোটারের নাম জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে ১৫ লাখ ৪ হাজার ৪৬ টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্রে আপত্তি দেয় ভ্যাট অফিস। পরে পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ করা হয়।
প্রসঙ্গত, বরিশালের ছয়টি আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
