যুবদল নেতাকে ডান্ডাবেড়ি

‘৫২ বছরে কত সরকার এলো-গেল, আমরা ব্রিটিশদের জেল কোডেই আছি’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

১০০ বছরের বেশি আগে ব্রিটিশদের তৈরি কারাবিধি (জেল কোড) এখনো সংস্কার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে উচ্চ আদালত। হাইকোর্ট বলেছেন, ‘৫২ বছরে কত সরকার এলো আর গেল কিন্তু ব্রিটিশদের তৈরি জেল কোড এখনো সেভাবেই রয়ে গেছে।’

ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে চিকিৎসার বিরুদ্ধে করা এক রিট মামলার শুনানিতে আজ রবিবার (৩ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে। শুনানি শেষে আদালত এ বিষয়ে আগামীকাল সোমবার আদেশের জন্য দিন ধার্য করে। 

গত সপ্তাহে গণমাধ্যমে ছবিসহ প্রতিবেদনে বলা হয়, যশোর জেলা যুবদলের সহসভাপতি ও সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ কলেজের প্রভাষক আমিনুর রহমান। গত ২ নভেম্বর নাশকতার অভিযোগে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে পুলিশ। হৃদরোগে আক্রান্ত আমিনুরকে যশোর থেকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে ভর্তি করা হয়। তাকে হাসপাতালে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়া হচ্চে। এমনকি খাওয়ার সময়ও তার হাতকড়া খোলা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন ডান্ডাবেড়ি পড়া অবস্থায় আমিনুরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন গত বুধবার হাইকোর্টের আদালতের নজরে এনে স্বত:প্রণোদিত নির্দেশনা চান সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। আদালত আইনজীবীকে রিট করার পরামর্শ দেয়। এর ধারাবাহিকতায় আজ এ রিট আবেদনটি করা হলে এটি শুনানির পর্যায়ে আসে।

অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী শুনানিতে সংবিধানে বর্ণিত, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষাকবচ, কোনো ব্যাক্তিকে যন্ত্রণা দেওয়া বা নিষ্ঠুর ও অমানবিক আচরণ না করাসহ মৌলিক মানবাধিকার ও মৌলিক অধিকারের সংশ্লিষ্ট অনুচ্ছেদ পড়ে শোনান।

একপর্যায়ে হাইকোর্ট বলে, ডান্ডাবেড়ি নিয়ে এর আগে সুপ্রিম কোর্টের গাইডলাইন (নীতিমালা) রয়েছে। এ জে মোহাম্মদ আলী বলেন, তিনি (আমিনুর) একজন শিক্ষক। কিন্তু তার প্রতি এ ধরনের নিষ্ঠুর আচরণ সংবিধান ও আইনের পরিপন্থী।  এ জে মোহাম্মদ আলীর উদ্দেশ্যে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘জেল কোডটি ১০০ বছরের পুরনো। ব্রিটিশদের তৈরি এ জেলকোড এখনো চলছে।' 

এ জে মোহাম্মদ আলী বলেন, এটি করা (সংস্কার) উচিৎ ছিল।

হাইকোর্ট প্রশ্ন রেখে বলেন, ‘তাহলে করলেন না কেন? ১৯৪৭ এর পর ব্রিটিশরা গেল। আপনারা শুধু সংসদে আসলেন আর গেলেন। ৫২ বছরে কত সরকার আসলো আর গেল। কিন্তু জেল কোডটি হুবুহু রেখে দেওয়া হলো।’ আদালত তখন আইনজীবীকে বলেন, এ বিষয়ে আজ সোমবার আদেশ দেওয়া হবে। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত