৮৫ ভরি সোনা ছিনতাই

পুলিশ পরিচয়ে অপহৃত সোনা ব্যবসায়ীকে উদ্ধার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ এএম

মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে অপহরণ হওয়া সোনা ব্যবসায়ী উজ্জল সাহাকে (৩৬) টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে টাঙ্গাইলের করটিয়া এটিএম গার্মেন্টস সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা তার কাছ থেকে ৮৫ ভরি সোনা ও নগদ সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ওই স্থানে ফেলে রেখে যায়। এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানার শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে বাঘুলী গ্রামের রবিউলের বাড়ির সামনে থেকে অপহরণের শিকার হন উজ্জল সাহা। তিনি ওই গ্রামের নারায়ণ সাহার ছেলে।

উজ্জল সাহা জানান, জুয়েলারি দোকান বন্ধ করে সন্ধ্যা ৭টার দিকে ব্যাটারিচালিত হ্যালোবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় পুলিশের পোশাক পরা ৬-৭ জন লোক জোরপূর্বক তাকে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পথিমধ্যে মারধর করে তার কাছে থাকা ৮৫ ভরি সোনা ও নগদ সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে পুলিশের মাথায় ব্যবহৃত একটি ক্যাপ ও উজ্জল সাহার ব্যাগের বেল্ট পড়ে থাকতে দেখে তা শান্তিপুর তদন্ত কেন্দ্রে জমা দেন তারা।

সিংগাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মামুন অর রশিদ বলেন, ‘ভিকটিমের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিলের ব্যাপারে তদন্ত চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত