ভারতে বিশ্বকাপ ক্রিকেট চলাকালে জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিসে ঘটনার নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছে।
গতকাল রবিবার নাহিদুর রহমান নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুর রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের উদ্দেশে এ নোটিস পাঠান। এতে ৭২ ঘণ্টার সময় দিয়ে বলা হয়েছে, ব্যত্যয় হলে নোটিসদাতা আইনি ব্যবস্থা নেবেন।
নোটিসে ঘটনার বিষয়ে গত ২৮ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের বরাত দেওয়া হয়েছে। আইনজীবী বলেন, গত ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের একাদশের বাইরে থাকা নাসুমকে বিরতির সময় মাঠে পানির বোতল নিয়ে যাওয়ার নির্দেশ দেন হাথুরু। তবে ৩০ সেকেন্ড দেরি হওয়ায় নাসুমকে শারীরিকভাবে আঘাত করেন তিনি।
